সারদায় প্রশিক্ষণরত আরও ৫৯ এসআইকে শোকজ
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৫ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:০০
প্রশিক্ষণ ক্লাসে ‘এলোমেলোভাবে বসে হইচই’ করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ৫৯ জনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে।
গত সোমবার ও বৃহস্পতিবার দুই দফায় তাদের নোটিস দেওয়ার কথা জানিয়েছেন সারদা পুলিশ একাডেমির উপমহাপরিদর্শক মো. গোলাম রউফ খান।
তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের কারণ দর্শানে বলা হয়েছে, ইতোমধ্যে চিঠিও ইস্যু করা হয়েছে।
পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে সোমবার ১০ জনকে এবং বৃহস্পতিবার ৪৯ জনকে ওই নোটিস দেওয়া হয়।
গত ২১ অক্টোবর সারদায় প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে ‘সমাপনী কুচকাওয়াজের অনুশীলন প্যারেডে নাশতা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির’ কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়ার পর একই ব্যাচের ৫৯ জনের বিষয়ে এই পদক্ষেপ নেওয়ার খবর এল।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান বলেন, এটা রুটিন বিষয়। শুনেছি শ্রেণিকক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে শোকজ করা হয়েছে।
ইউডি/এবি

