ইরানে হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত

ইরানে হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত

উত্তরদক্ষিণ। শনিবার (২৬ অক্টোবর), ২০২৪, আপডেট ২১:০০

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের অস্থিরতা কবলিত সিস্তান বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলাকারীরা সীমান্তরক্ষীদের দু’টি টহল ইউনিটের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা হামলাটি চালিয়েছে, তাদের সঙ্গে সীমান্তরক্ষীদের গুলি বিনিময় হয়েছে।

রয়টার্স জানায়, সিস্তান বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত আছে। সেখানে সুন্নি মুসলিম জঙ্গিদের পাশাপাশি মাদক পাচারকারীদেরও তৎপরতা আছে। এই দুই দেশের সীমান্তের কাছাকাছি চোরাগোপ্তা হামলায় ওই রক্ষীরা নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, ওই সীমান্তের তাফতান এলাকায় একটি বিরোধের খবর পেয়ে সীমান্তরক্ষীরা সেখানে যায়, সেখান থেকে ফেরার পথে তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালনো হয়।

সিস্তান বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনী প্রায়ই জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের হামলার শিকার হয়। হামলার কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যম দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেছে।

এই প্রদেশটিতে জইশ আল-আদলের পাশাপাশি আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি আছে।

শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশে বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশটিতে সীমান্তরক্ষীদের ওপর হামলার এ ঘটনা ঘটে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading