মুর্গ তাওয়া কাবাব রেসিপি
উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১০:৪০
বাড়িতে অতিথি এলে তাদের কী খেতে দেবেন এ নিয়ে গৃহিণীদের চিন্তার অন্ত নেই। নতুন কোনো পদ দিয়ে আগতদের চমকে দেওয়ার ইচ্ছা থাকে অনেকের। এবার তাই বানিয়ে ফেলতে পারেন মুর্গ তাওয়া কাবাব। ঝটপট জেনে নিন রেসিপি-
উপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস- ৫০০ গ্রাম, টক দই- আধা কাপ, ছাতু- ২/৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ, মরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ, কবাব মশলা- ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা- ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি- ৩ টেবিল চামচ, সর্ষের তেল- ২ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, কাঠি বা শিক- ৫টি
প্রণালি: প্রথমে মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন। একটি পাত্রে সেই মিশ্রণটি নিয়ে একে একে টক দই, ছাতু, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, কবাব মশলা, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন।
এবার পাত্রটি ঢাকনা দিয়ে ফ্রিজে তুলে রাখুন ২-৩ ঘণ্টার জন্য। ফ্রিজ থেকে বের করে প্রয়োজনে মিশ্রণটির ঘনত্ব বাড়াতে ছাতু যোগ করুন।
একটি ছোট পাত্রে গরম কয়লা রাখুন। এর পর সেই পাত্রটি মূল মিশ্রণের মধ্যে রেখে কয়লার উপর ঘি ঢেলে পাত্রের মুখটি ভালো করে ঢেকে দিন। এতে ঘি ও পোড়া গন্ধ দুটোই মাংসের মিশ্রণে মিশে যাবে।
এবার একটি শিক বা কাঠিতে তেল মাখিয়ে মাংসের মিশ্রণটি খানিকটা করে নিয়ে শিকের গায়ে কাবাবের মতো গেঁথে নিন। গ্রিল চিহ্ন যুক্ত তাওয়ায় সামান্য মাখন নিয়ে ভালো করে তাতিয়ে নিন। গেঁথে রাখা কবাবগুলো এতে সেঁকে নিন।
পুদিনার চাটনি আর পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন গরম মুর্গ তাওয়া কবাব।
ইউডি/কেএস

