বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ
উত্তরদক্ষিণ। সোমবার (২৮ অক্টোবর), ২০২৪, আপডেট ২০:৪৫
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ‘বিমসটেক’ এর পরবর্তী চেয়ারম্যান হবে বাংলদেশ।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে জোটের মহাসচিব ও রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডের সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিমসটেক মহাসচিবের আশা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সাত জাতির এ জোটের কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। থাইল্যান্ড ২০২২ সালের মার্চ থেকে এ দায়িত্বে রয়েছে। বাংলাদেশ এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০০৫ থেকে ২০০৬ সালে এ দায়িত্ব পালন করে।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়। ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।
ইউডি/এবি

