হাসনাত-সারজিসের রিট প্রত্যাহার নিয়ে যা বললেন আইনজীবী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ অক্টোবর), ২০২৪, আপডেট ১৩:৪৫
আওয়ামী লীগসহ ১১ রাজনৈতিক দলকে রাজনীতির বাইরে রাখতে চেয়ে করা রিট প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী আহসানুল করিম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রিট প্রত্যাহারের পরে আদালতে রিটকারীদের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, রিটকারীরা আর এটি চালাতে চান না। এ কারণে হাইকোর্ট রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
আদালত প্রাঙ্গণে রিটকারীদের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, দেখুন যখন কোনো মামলা আসে আইনজীবীর কাছে, তখন সেই মামলার নির্দেশনা তারাই দিয়ে থাকেন। বক্তব্য থাকে যারা পিটিশন করেন তাদের। আবার তারা যদি সেটি তুলে নিতে চান, তখন তাদের কথাতেই তোলা হয়। তবে রিটকারী বা মামলাকারী কখনও বলেন না কী কারণে তিনি মামলা তুলে নিচ্ছেন। সুতরাং এটি আমি বলতে পারব না, কী কারণে রিটটি তোলা হলো। তবে দেশের সার্বিক গণতন্ত্রের জন্য ও দেশের মঙ্গলের জন্য তারা এ সিদ্ধান্ত নিতে পারেন বলে আমরা ধারনা। দেশের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা।
এরপর রিটকারীদের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যান। একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (দশম, একাদশ ও দ্বাদশ) বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর কথা জানান তিনি।
রিটে যে ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চাওয়া হয় তার তালিকা নিয়েও প্রশ্ন উঠে। এ তালিকায় আওয়ামী লীগের ১৪ দলের শরিক রাশেদ খান মেননের ওয়ার্কাস পার্টিসহ আরও তিন দলকে যেমন বাদ দেয়া হয়, কার্যক্রম নিষিদ্ধের তালিকায় রাখা হয় আওয়ামী লীগ বিরোধী ভূমিকায় থাকা এলডিপি ও কমিউনিস্ট পার্টিকেও। বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে মন্তব্য করেছেন আহসানুল করিম।
ইউডি/এবি

