আগামী দুই বছরে ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
উত্তরদক্ষিণ। শুক্রবার (০১ নভেম্বর), ২০২৪, আপডেট ০৮:০০
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী দুই বছরে ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রমে যারা যুক্ত নেই, এমন ৯ লাখ যুবকদের প্রশিক্ষণ দেওয়ার একটি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
শুক্রবার (০১ নভেম্বর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ মন্ত্রণালয়,দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর উপদেষ্টাদ্বয় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত যুব মেলা পরিদর্শন করেন। অনুষ্ঠানে ১২ জন সফল আত্মকর্মী ও ৩জন শ্রেষ্ঠ যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, আমরা সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই। যেখানে নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে, সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে, কেউ তার লিঙ্গ,ধর্ম,বর্ণ ও ভাষার কারণে নিগৃহীত ও বঞ্চিত হবে না। এক্ষেত্রে অগ্রপথিকের ভূমিকা পালন করবে আজকের ছাত্র-তরুণ-যুবসমাজ।
যুবক ও যুব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
ইউডি/এবি

