যাদের ভিত্তি নেই, তারাই জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলছে:চুন্নু
উত্তরদক্ষিণ। শনিবার (০২ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:২০
‘যাদের জনসম্পৃক্ততা নাই, তারা নিজেদের দাম বাড়াতে’ জাতীয় পার্টির নিষিদ্ধের কথা বলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
চুন্নু বলেন, যাদের জনসম্পৃক্ততা নাই, একলা এক পার্টি… এ রকম লোকেরাই এগুলো বলে নিজেদের দাম বাড়ানোর জন্য। আমরা এগুলোকে হিসেবে আনি না, কিছু মনে করি না। আমরা মনে করি- আমাদের রাজনীতি যদি জনগণ ভালো মনে করে, জনগণ গ্রহণ করে তাহলে আমরা টিকে থাকব, আর গ্রহণ না করলে আস্তে করে চলে যাব।
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি বিএনপি বা জামায়াত চাইতে পারত মন্তব্য করে তিনি বলেন, জামায়াত বা বিএনপির কোনো কর্মীও এখন পর্যন্ত বলে নাই যে জাতীয় পার্টিকে বাতিল কর।
২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতা করে জাতীয় পার্টি মোট চারটি নির্বাচন করেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর অতীতের এই সিদ্ধান্তের কারণে এখন তারা চাপে আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দুই দিন পর খুলনা মহানগরের কার্যালয়ে হামলা করে আগুন দেওয়া হয়েছে।
চুন্নু বলেন, আমাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের জনগণের কাছে কতটুকু ভিত্তি আছে দেখুক। আমাদের যদি বিচার করতে হয় জনগণ করুক। সেটা নির্বাচনের সময় তারা (জনগণ) করতে পারে।
ইউডি/এবি

