জনসমর্থনে হ্যারিস-ট্রাম্পের ব্যবধান আরও কমে ১ পয়েন্টে: জরিপ
উত্তরদক্ষিণ। রবিবার (৩ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫৫
আমেরিকায় নির্বাচনের একেবারে শেষ সময়ে এসে জনসমর্থনের দিক থেকে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ব্যবধান মাত্র এক শতাংশ পয়েন্টে নেমে এসেছে।
গত মঙ্গলবার প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপের ফলে দেখা যায়, হ্যারিস পেয়েছেন ৪৪ শতাংশ সমর্থন আর ট্রাম্প পেয়েছেন ৪৩ শতাংশ সমর্থন।
রবিবার (৩ নভেম্বর) তিনদিনের এই জরিপ শেষ হয়। এতে ৫ নভেম্বরের নির্বাচনের আগে দুই প্রার্থীর অবস্থান প্রায় সমান সমান দেখা যাচ্ছে।
হ্যারিস গত জুলাইয়ে নির্বাচনি দৌড়ে সামিল হওয়ার পর থেকে নিবন্ধিত ভোটারদের মধ্যে সমর্থনের দিক থেকে ট্রাম্পের তুলনায় এগিয়ে ছিলেন। এরপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে হ্যারিসের সমর্থন ধীরে ধীরে কমেছে।
গত ১৬ থেকে ২১ অক্টোবরে পরিচালিত রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, হ্যারিস ট্রাম্পের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিলেন।
নতুন জরিপটি চালানো হয়েছে দেশজুড়ে ১ হাজার ১৫০ জনের ওপর। এর মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ৯৭৫ জন। এই জরিপে দেখা গেছে, ভোটারদের মনে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনি বিষয়ে হ্যারিসের চেয়ে ট্রাম্প অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
অর্থনীতি, বেকারত্ব এবং কর্মসংস্থানের প্রশ্নে ট্রাম্প ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন আর হ্যারিস পেয়েছেন ৩৭ শতাংশ সমর্থন।
আবার রাজনৈতিক উগ্রবাদ এবং গণতন্ত্রে হুমকি মোকাবেলার প্রশ্নে হ্যারিস পেয়েছেন ৪০ শতাংশ ভোটারের সমর্থন আর ট্রাম্প পেয়েছেন ৩৮ শতাংশ সমর্থন।
ইউডি/এবি

