মুজিব বর্ষে কত টাকা অপচয়, বের করবে সরকার

মুজিব বর্ষে কত টাকা অপচয়, বের করবে সরকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৭ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:৩০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে ঘোষিত মুজিব বর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, তা বের করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মুজিব বর্ষে কী ধরনের কাজ হয়েছে এবং কত টাকা অপচয় হয়েছে, সে বিষয়ে ডকুমেন্টেশন করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কথা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, এ নিয়ে কাজ হবে। কীভাবে, কোথায়, কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, সেগুলোর একটি তালিকা করা হবে। দেখা হবে, কী কী খাতে এই টাকাগুলো গেছে। মন্ত্রণালয়গুলো এই ডকুমেন্টেশন করবে বলে জানান প্রেস সচিব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছিল। তবে কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে মুজিব বর্ষের সময়কাল বাড়ানো হয়েছিল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading