৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব: গোলাম পরওয়ার
উত্তরদক্ষিণ। শুক্রবার (৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২০:৩০
‘৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামী বিপ্লব’, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সেই ইসলামি বিপ্লবের জন্য দলের সব রুকন ভাইবোনকে প্রস্তুত থাকতে হবে।
শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়ায় তিনি ওই বক্তব্য দেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কুষ্টিয়ার শহরতলি মোল্লাতেঘরিয়া এলাকায় জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাম পরওয়ার।
জামায়াতের রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন গোলাম পরওয়ার। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের যে ফ্যাসিবাদী যুগ আমরা পার করেছি, সেখানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান অপরাধ দ্বারা অপরিচ্ছন্ন ও অপবিত্র হয়ে গিয়েছিল। এবং ফ্যাসিবাদী শাসক দুর্নীতিগ্রস্ত ছিল।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায় হয়েছে; কিন্তু সেই অপরাধপ্রবণতা ১০০ ভাগ বিদায় হয়নি। এখনো ছোটখাটো কিছু অপরাধ দেখা যাচ্ছে, তার মাত্রা কম। এই বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ হচ্ছে, আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষের কল্যাণ হবে।
ইউডি/এবি

