কুড়িগ্রামে বাসের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
উত্তরদক্ষিণ। রবিবার, ১০ নভেম্বর , ২০২৪, আপডেট ১২:৫০
যাত্রীবাহী বাসের নিচে পড়ে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নাজিরা পচার মসজিদ এলাকায় শামসুল আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা নিহতের বড় ভাই কাশেম (৪০) আহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এসএন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলা গাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নিচে চলে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষ বসে মীমাংসার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/কেএস

