উপদেষ্টারা না এলে রাস্তা ছাড়বে না আন্দোলনে আহত বিক্ষোভকারীরা
উত্তরদক্ষিণ। বুধবার (১৩ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০৫
সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রাখা বিক্ষোভকারীরা সরকারের অন্তত চার উপদেষ্টা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘাতের মধ্যে আহত এসব ব্যক্তি বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে শ্যামলী-আগারগাঁও সংযোগ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন, যা রাত ১০টাতেও অব্যাহত ছিল।
রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর অনুরোধেও তারা রাস্তা ছাড়েননি।
বিক্ষোভকারীরা সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদকে সেখানে আসার দাবি জানিয়েছেন। তারা সেখানে না আসা পর্যন্ত কর্মসূচি থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন এসব আহত ব্যক্তি রাত ১০টার সময়েও সড়কে অবস্থান করছিলেন।
এর আগে রাত পৌনে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ অবরোধ স্থলে এসে তাদের কর্মসূচি থেকে সরে যেতে অনুরোধ করেন। তবে আহত ব্যক্তিরা উপদেষ্টাদের সেখানে উপস্থিত হওয়ার দাবিতে অটল থাকেন।
ইউডি/এবি

