আয়কর দেওয়ার সময় ১ মাস বাড়ল

আয়কর দেওয়ার সময় ১ মাস বাড়ল

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ নভেম্বর , ২০২৪, আপডেট ০৯:৫০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন ও অফলাইনে অর্থাৎ কাগজে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে, যার সুফল কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতা পাবেন।

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের অনুরোধে এই সময় বাড়ানো হয়েছে বলে রোববার (১৭ নভেম্বর) এনবিআরের জারি করা আদেশে জানানো হয়েছে।

দেশজুড়ে মাসব্যাপী আয়কর আহরণের শেষ দিন ধার্য ছিল ৩০ নভেম্বর পর্যন্ত, যা এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

আদেশে এনবিআর বলেছে, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে।

করদাতাদের সুবিধার্থে কোম্পানি ছাড়া সব করদাতার অনলাইনে ই-রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিল- উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ান হয়েছে।

আদেশ অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সব করদাতার জন্য জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আয়কর আইন-২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন রাখা হয় ৩০ নভেম্বর পর্যন্ত।

এরই মধ্যে ৩ লাখ ৭৫ হাজার করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।

এ বছর করদাতাদের রিটার্ন দাখিলের অভিজ্ঞতা ঝঞ্ঝাটমুক্ত করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড চলতি বছর বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের, সারা দেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading