দুর্বল ব্যাংককে বিকল্প ব্যবস্থায় টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি: মুখপাত্র
উত্তরদক্ষিণ। সোমবার (২৫ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০
অর্থ সংকটে থাকা ‘দুর্বল’ ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক ছাড়া বিকল্প কোনো উপায়ে তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে সেসব ব্যাংকে বিকল্প পন্থায় কোনো রকম সহায়তা দেওয়া হবে কি না সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। তবে বাংলাদেশ ব্যাংক এসব দুর্বল ব্যাংকের সঙ্গে আলোচনা করছে।
বর্তমানে চরম নগদ অর্থের সংকটে থাকা ব্যাংকগুলো গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না। নতুন করে আমানতও পাচ্ছে না। এ অবস্থায় দুর্বল এসব ব্যাংকের নাজুক তারল্য পরিস্থিতি কাটিয়ে উঠতে বিকল্প পদ্ধতিতে অর্থ যোগান দেওয়ার বিষয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংকে।
ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ট্রেজারি বিল ও বন্ড বাজারে ছেড়ে টাকা তুলে তা অর্থ সংকটে থাকা ব্যাংকগুলো দেওয়ার চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক।
সাধারণত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকগুলোতে ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে। এই বিল ও বন্ড হচ্ছে এক রকমের জামানত। এগুলোর বিপরীতে ব্যাংকগুলো টাকা নিয়ে থাকে।
ব্যাংকগুলোতে যখন তারল্য সংকট তৈরি হয় তখন বিল-বন্ডের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয়। কোনো ধরনের জামানত ছাড়া টাকা ধার নেওয়া যায় না।
ইউডি/এবি

