কারখানা কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় বিজিএমইএর উদ্বেগ
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৯ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫০
বকেয়া বেতন পরিশোধ নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার সময় কারখানা কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
শুক্রবার (২৯ নভেম্বর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনা বহির্বিশ্বে এ দেশের শিল্প সম্পর্কে ভুল বার্তা দেবে। তাই দ্রুত সব পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
এতে বলা হয়, পোশাক শিল্প একটি চ্যালেঞ্জিং সময় পার করে সবেমাত্র স্থিতিশীলতা অর্জন করেছে। এমন সময়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত মাহমুদ জিন্সে কারখানা কর্তৃপক্ষের ওপর শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতিকারীর এই হামলার ঘটনায় পোশাক শিল্পে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টির হয়েছে। যারা উস্কানি দিয়ে শিল্পকে অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে, শিল্প ও অর্থনীতিকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিজিএমইএ জানায়, মাহমুদ জিন্স একটি কমপ্লায়েন্ট কারখানা। চুক্তি অনুযায়ী, শ্রমিক ও স্টাফদের চূড়ান্ত পাওনা, সার্ভিস বেনিফিট ও ছুটির টাকা বাবদ প্রায় ২০ কোটি টাকা বৃহস্পতিবার পরিশোধ করার কথা ছিল। এ জন্য কারখানা মালিক তার গুলশানের বাড়িটি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করলেও পেমেন্ট না পাওয়ার ওইদিন শ্রমিক-কর্মচারীদের বকেয়া টাকা দেওয়া যায়নি। তাই মালিকপক্ষ বিষয়টি নিয়ে ওইদিন বিকালেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে। কারখানা মালিকের ছেলে মো. রাফি মাহমুদ এ বিষয়ে কথা বলার সময় শ্রমিক নামধারী কিছু উস্কানিদাতা, দুষ্কৃতিকারী হঠাৎ করে তার ওপর আক্রমণ করে। তাকে আহত করে কারখানায় আটকে রাখে। পরে রাফি মাহমুদকে উদ্ধার করে টহলরত সেনাবাহিনী ও শিল্প পুলিশ। আলোচনার মধ্যে এ রকম হামলা অনভিপ্রেত। এ ধরনের ঔদ্ধত্য সমগ্র শিল্পের ওপর আঘাত।
ইউডি/এবি

