সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিল, আটক ৮

সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিল, আটক ৮

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৫:৩৫

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন— কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মিছিলে লোক সংগ্রহকারী মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), গার্মেন্টসকর্মী ইসমাইল হোসেন (২০), মোজার কারখানার কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয়কর্মী মো. সাকিন ইসলাম (১৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, রবিবার বেলা ১টার দিকে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় অর্ধশতাধিকের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, “মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেছিল। এ সময় তারা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল। পরে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading