ইন্ডিয়ার করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় জকিগঞ্জ দিয়ে পণ্য আসা বন্ধ
উত্তরদক্ষিণ। সোমবার (২ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৪০
ইন্ডিয়ার শ্রীভূমির (করিমগঞ্জ) সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না।
সোমবার (২ ডিসেম্বর) সকালে কিছু কমলা সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি।
কাস্টমস, এক্সাইজ ও ব্যাট কমিশনারেট সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জকিগঞ্জ স্টেশন দিয়ে কেবল ইন্ডিয়া থেকে মালামাল আমদানি করা হয়। কোনো পণ্য রপ্তানি হয় না। আজ সকালের দিকে কিছু কমলা বাংলাদেশে এসেছে। পরে ওই পাশের (করিমগঞ্জ) একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি।
ইন্ডিয়ার শিলচরের দুজন সাংবাদিক জানান, কয়েক দিন ধরেই বাংলাদেশ ইস্যুতে শিলচরে অস্থিরতা চলছে। সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে অভিযোগ এনে নানা বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে। একই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগঠনটির কিছু নেতা-কর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে।
এ সময় আন্দোলনকারীদের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ইন্ডিয়ার শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে সীমান্তের বাংলাদেশ অংশে থাকা সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে কোনো পণ্য দুপুরের পর থেকে সিলেটে আসেনি। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বাংলাদেশি পণ্য বয়কটের ঘোষণাও দেন।
ইউডি/এবি

