অবৈধ বোলিং অ্যাকশন, ইসিবির নিষেধাজ্ঞায় সাকিব

অবৈধ বোলিং অ্যাকশন, ইসিবির নিষেধাজ্ঞায় সাকিব

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৩ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:০০

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আয়োজিত প্রতিযোগিতায় বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। চলতি মাসের শুরুর দিকে লাফবরো ইউনিভার্সিটিতে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হলে তা অবৈধ বলে প্রমাণিত হয়।

সাকিবের বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি শুক্রবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইসিবি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব।

এর আগে, সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় আম্পায়াররা তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা রিপোর্ট দেওয়ায় সাকিবকে দিতে হয় পরীক্ষা। যে পরীক্ষায় বাঁহাতি টাইগার অলরাউন্ডার পাস করতে পারেননি।

যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে, তিনিও কনুই ১৫ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন। পুনঃ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশি তারকা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading