বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানোর দাবি হাসনাতের
উত্তরদক্ষিণ। শনিবার (১৪ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:০০
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানো ও গুচ্ছ পদ্ধতি চালু রাখার দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৪ ডিসেম্বর) নিজের ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়! হাজার টাকার আবেদন ফি, যাতায়াত ও থাকার খরচ- বর্তমান ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে।
চাকরির জন্য বিসিএস পরীক্ষার আবেদনের ফি গত সপ্তাহে ৭০০ থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। অন্যান্য সরকারি চাকরির ফিও কমাতে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ দাবি তুললেন। তবে কমিয়ে কত টাকা করতে হবে তা তিনি বলেননি।
গত কয়েক বছরে ভর্তি পরীক্ষার ফি বেড়ে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এক হাজার টাকা ছাড়িয়েছে।
আগের বছরের চেয়ে ৫০ টাকা বাড়িয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটপ্রতি ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা।
এবার গুচ্ছ থেকে বেরিয়ে এসে এককভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদনের জন্য ১০০ টাকা নির্ধারণ করেছে। এতে নির্বাচিতদের ভর্তি পরীক্ষার আবেদন ফি দিতে হবে ৭০০ টাকা।
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৯০০ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০০ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ১৩০০ টাকা ধরা হয়েছে।
গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা।
ইউডি/এবি

