ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা
উত্তরদক্ষিণ। শনিবার (১৪ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০
চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রামোস হোর্তা।
হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি দল রয়েছে। ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। সফরের দ্বিতীয় দিন ১৫ ডিসেম্বর সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট হোর্তা। পরে প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বসবেন ইউনূস-হোর্তা। বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।
এদিন বিকেলে পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়াল সফররত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তৃতীয় দিন ১৬ ডিসেম্বর প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি ওইদিন সাভার জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তিনি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ইউডি/এবি

