বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে টোল আদায় হবে

বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে টোল আদায় হবে

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৬:২০

নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আগামী বৃহস্পতিবার থেকে এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায়ের কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল করলেও কোনো টোল দিতে হয় না।

টোল আদায়ের সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টোল আদায় কার্যক্রম শুরু হবে। শুরুতে শুধুমাত্র এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে চারটি বুথের টোল দেওয়া যাবে। আপাতত সিডিএ টোল আদায় করবে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে তাদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।’

২০২৩ সালের ১৪ নভেম্বর নগরের লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী-সিডিএ এক্সপ্রেসওয়ে’ এর উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধন হলেও তখন গাড়ি চলাচল শুরু হয়নি। গত আগস্ট মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়। এই এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা।

ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্ধারণ করা টোলের হার পরিবর্তন করে গত ৩ নভেম্বর নতুন প্রস্তাব পাঠায় সিডিএ। ২৭ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় টোলের হার চূড়ান্ত করে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করা হয়েছে। এতে মোটরসাইকেল এবং ট্রেইলার ওঠা-নামার সুযোগ রাখা হয়নি।

চূড়ান্ত হওয়া টোলের হার অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাকে টোল দিতে হবে ৩০ টাকা। কার জাতীয় গাড়িকে দিতে হবে ৮০ টাকা। জিপ ও মাইক্রোবাসের জন্য টোলের হার ১০০ টাকা। পিকআপ থেকে নেওয়া হবে ১৫০ টাকা। মিনি বাস ও ট্রাক (চার চাকা) থেকে ২০০ টাকা করে, বাস থেকে ২৮০ টাকা নেওয়া হবে। ট্রাকের (৬ চাকা) জন্য ৩০০ টাকা এবং কাভার্ডভ্যানের জন্য ৪৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading