নির্বাচনের পর নিয়মিত কাজে ফিরে যাব: ইকোনমিস্টকে ড. ইউনূস

নির্বাচনের পর নিয়মিত কাজে ফিরে যাব: ইকোনমিস্টকে ড. ইউনূস

উত্তরদক্ষিণ। শনিবার (২০ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:২০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরবেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বিগত বছরগুলোর মতো এ বছরও বর্ষসেরা দেশের (কান্ট্রি অব দ্য ইয়ার) তালিকা প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। তালিকায় শীর্ষ দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় সাময়িকীটি।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কাজে হাত দেয়।

তবে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে অন্তর্বর্তী সরকার বলছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা।

ভাষণে ড. ইউনূস বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

নির্বাচন আয়োজনের পর কী করবেন ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেয়া হয়েছে। আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। আমি প্যারিসে ছিলাম। সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি আমার সারাজীবন ধরে করেছি।

বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, বাংলাদেশে ইসলামি চরমপন্থা আসবে না। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading