দলীয় স্বার্থে পুলিশ অন্যায় করেছে, ক্ষমা চাই: আইজিপি
উত্তরদক্ষিণ। শনিবার (২০ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০
১৫ বছর দলীয় স্বার্থে পুলিশ হেন অন্যায় নাই যা করে নাই। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনার নজির নাই। এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন আইজিপি বাহারুল আলম। সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুঃখ প্রকাশ করেন তিনি।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এসএমপি কমিশনার মো. রেজাউল করিম, ডিআইজি মো. মুশফিকুর রহমানসহ পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্যে এখনও দেড় হাজার অস্ত্র উদ্ধার হয়নি। তিনি ৫ আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলায় যারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন।
তিনি বলেন, রাজনৈতিক কুপ্রভাবমুক্ত পুলিশ প্রশাসন বিনির্মাণে সবাই কাজ করে যাচ্ছে।
ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে সিলেটের সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, এ মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। বর্তমান এসএমপি কমিশনারের প্রতি আমার তেমন নির্দেশনা দেয়া আছে। তুরাবকে হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না, কিন্তু সুবিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চটুকু করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। পট পরিবর্তনের সময় কোনো পুলিশ অফিসার মারা যাননি। যারা মারা গেছেন তারা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার নিচে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে তারা জনরোষে পড়েছেন। সুতরাং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের চাঙা করাই আমাদের মূল কাজ।
ইউডি/এবি

