বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে ‘১০ লাখ টাকা ছিনতাই’
উত্তরদক্ষিণ। শনিবার (২১ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:৪০
বগুড়া শহরে যুবককে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এসেছে।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন ওসি বলেন, শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনি বটতলা এলাকায় এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত তারেক (৪০) শহরের মালগ্রাম চাপড়পাড়ার এলাকার আলী আজমের ছেলে।
তিনি কলোনি এলাকায় মালিয়া এন্টারপ্রাইজের (যমুনা গ্যাস ডিস্ট্রিবিউটর) ব্যবস্থাপক।
তারেকের পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী হাসান বলেন, তারেক সকালে নিজ বাসা থেকে ব্যাগে টাকা নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশে বের হন। পথে ছিনতাইকারীরা চাকু দিয়ে হাত ও পায়ে আঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
পরে তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
ওসি মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার থেকে থানায় অভিযোগও পেয়েছি। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় এক রিকশাওয়ালাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে রাখে ছিনতাইকারীরা।
ওসি বলেন, ওই বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখছি।
ইউডি/এবি

