কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। রবিবার (২২ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:৩০
এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা একটা সুযোগ পেয়েছি। সে জন্য আমি সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই, আসুন, এই সুযোগ আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
সারা দেশে আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন শেখ হাসিনা, এই মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তিনি ভেবেছিলেন, কোনো দিন ক্ষমতা থেকে যাবে না। কিন্তু দেখেন, কীভাবে মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। তিনি আরও বলেন, যেই নেত্রী বলেছিলেন আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না। আজকে সেই মহিলা সারা দেশের অসংখ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন। বাকি নেতা যারা ছিল, তারা বন্দী হয়ে গেছে দুর্নীতি করার অভিযোগে। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি; যারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আজকে ওপারে পালিয়ে গিয়ে হাসিনা ওখান থেকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে—এখানে নাকি আমাদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা সব সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান একসঙ্গে বসবাস করি।
ইউডি/এবি

