গণপিটুনিতে ২০২৪ সালে নিহতের সংখ্যা গত বছরের দ্বিগুণের বেশি: আসক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:৫০
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বলেছে, অন্তর্বর্তী সরকারের সময় ‘মব জাস্টিস’ (উচ্ছৃঙ্খল জনতার হাতে হওয়া বিচার)–এর নামে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনাগুলো ছিল উদ্বেগজনক।
২০২৪ সালের মানবাধিকার প্রতিবেদনে এ কথা উল্লেখ করে আসক বলেছে, এবার গণপিটুনিতে নিহত ব্যক্তির সংখ্যা গত বছরের দ্বিগুণের বেশি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে এ প্রতিবেদন দিয়েছে আসক।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন করেছে প্রতিষ্ঠানটি। সেখানে বলা হয়েছে, ২০২৪ সালে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই নিহত হয়েছেন ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন নিহত হয়েছেন। ২০২৩ সালে গণপিটুনিতে নিহত হয়েছিলেন ৫১ জন।
ইউডি/এবি

