আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান পেতে যাচ্ছেন মেসি
উত্তরদক্ষিণ। শনিবার (০৪ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:১০
দুই বছরও হয়নি আমেরিকায় পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। তবে এরই মধ্যে ‘ফুটবল-বিমুখ’ মার্কিন মুলুকে ভালোই ছাপ রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এতটাই যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পেতে যাচ্ছেন অনেকের চোখেই সর্বকালের সেরা এই ফুটবলার। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে থেকে পদক বুঝে নেবেন মেসি।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে শনিবার (০৪ জানুয়ারি) দিয়েছে এ খবর।
ফুটবল নয়, আমেরিকায় খেলাটা পরিচিত সকার নামে। আর সেখানে জনপ্রিয়তায় বাস্কেটবল, বেসবল ও এনএফএলের (আমেরিকান ফুটবল) চেয়ে পিছিয়ে আছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি। ২০২৩ সালে সেই আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর তাতে যুক্তরাষ্ট্রের ফুটবলকে এক ধাক্কাতেই অনেকটা এগিয়ে দিয়েছেন মেসি। সেই মেসি আমেরিকার নারী ফুটবলার মেগান রাপিনোর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে পাচ্ছেন এই সম্মান।
মেসি, বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন, হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটন, মাইকেল জে ফক্স, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ মোট ১৯ জন এবার পাচ্ছেন প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম।
বিবৃতিতে বলা হয়েছে, সম্মাননা পেতে যাওয়া ব্যক্তিরা আমেরিকাকে আরেকটু এগিয়ে নেওয়ার স্বীকৃতিই পাচ্ছেন, প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন, বড় নেতারা বিশ্বাসে অবিচল থাকেন, সবাইকে প্রাপ্য সম্মান দেন এবং ভালো আচরণকে সবার ওপরে স্থান দেন। এই ১৯ আমেরিকানের প্রত্যেকেই ভালো নেতা, যারা কিনা আমেরিকাকে আরেকটু এগিয়ে নিয়েছেন। তারা ভালো নেতা, কারণ তারা ভালো মানুষ, যারা দেশের ও বিশ্বের জন্য অসাধারণ অবদান রেখেছেন।
ইউডি/এবি

