ইসির কাছেই থাকছে এনআইডি সেবা

ইসির কাছেই থাকছে এনআইডি সেবা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:০০

জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে নির্বাচন কমিশনের পাঠানো প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, গতকাল (বুধবার) আমরা পাঠিয়েছিলাম, আজকে এটা পাস হয়েছে।

এটা সবচেয়ে দ্রুততম সময়ে উপদেষ্টা পরিষদের অনুমোদন বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে বিদ্যমান জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের কাছে বুধবার প্রস্তাব পাঠানো হয়।

নির্বাচন কমিশনের এ প্রস্তাব অনুমোদনের পর সরকারকে এখন অধ্যাদেশ জারি করে আইনটি বাতিল ও আগের আইন বহাল করতে হবে।

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন ভবনে পিঠা উৎসবের আয়োজন করে, যেখানে অতিথি হয়ে আসেন সিইসি নাসির উদ্দিন, চার কমিশনার ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

সিইসি বলেন, যখন জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হয়, তখন আমি গণমাধ্যমের খবরে জানতে পেরেছিলাম। দেশের একজন সিনিয়র নাগরিক হিসেবে তখনই আমি মনে করেছিলাম, কোনো মহৎ উদ্দেশে এটা নেওয়া হচ্ছে না।

“আমি সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই-একজনের সঙ্গে আলাপের পর আমি বলেছিলাম, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে হবে। এজন্য যা যা করার আমি করব। সেজন্য ওই আইন বাতিল করতে চিঠি দিয়েছি।”

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে তিনি বলেন, আমরা সুপারিশ পর্যালোচনা করার পর প্রতিক্রিয়া জানাব।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading