তিন মাস পরও মেরামত হয়নি বিধ্বস্ত দুই লেনের সড়কটি

তিন মাস পরও মেরামত হয়নি বিধ্বস্ত দুই লেনের সড়কটি

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৯:৪০

পাহাড়ি ঢল ও বন্যায় বিধ্বস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় নন্নী-বারোমারী দুই লেনের সড়কটি তিন মাস পেরিয়ে গেলেও এখনো মেরামত হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এই সড়কে চলাচলকারী লোকজন। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিকল্প পথে চলাচল করছে ছোট, মাঝারি ও ভারীসহ বিভিন্ন ধরনের যানবাহন।

সড়ক ও জনপথ বিভাগ বলছে, একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সড়কটি পরিদর্শন করার পর বরাদ্দ এসেছে। দ্রুত দুটি কালভার্ট নির্মাণসহ সড়কটি মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় অটোরিকশাচালক হারেজ আলী বলেন, বন্যায় তিন মাস আগে সড়কটি ভেঙে পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভাঙা সড়কের দুই পাশে তাঁরা এখন যাত্রীর অপেক্ষায় থাকেন।

সরেজমিনে দেখা যায়, নন্নী উত্তরবন্দ এলাকায় দুই লেনের সড়কের দুটি স্থানে ভেঙে গভীর খাত তৈরি হয়েছে। লোকজন পারাপারের জন্য একটি স্থানে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। সেখান দিয়ে যানবাহন চলাচলের কোনো অবস্থা নেই। স্থানীয় কয়েকজন জানালেন, সড়কের দুটি অংশে ভেঙে গভীর খাদ তৈরি হয়েছে।

নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, রাস্তা ভেঙে যাওয়ায় তাঁদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। বারবার অটোরিকশা পরিবর্তন করে চলাচল করায় ভাড়াও বেশি লাগছে। সন্ধ্যা হয়ে গেলে এখন গাড়িও পাওয়া যায় না। এতে প্রতিদিন শিক্ষার্থীদের কষ্ট ভোগ করতে হয়।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, গত বছরের ৫ অক্টোবর পাহাড়ি ঢল ও বন্যায় পানির তোড়ে নন্নী-বারোমারী দুই লেন সড়ক বিধ্বস্ত হয়েছে। দুটি স্থানে বড় আকারে ভাঙনসহ সড়কের দুই পাশে অন্তত ৩৫০ মিটার ধসে গেছে। এতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

উত্তরবন্দ গ্রামের কৃষক ইউসুফ আলী বলেন, ভারী কোনো জিনিস নিয়ে এখন এই পথে যাতায়াত করতে পারেন না। বাঁশের সাঁকো দিয়ে ভাঙা পথ পার হয়ে চলাচল করা খুবই কষ্ট।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, সড়কটির জন্য সম্প্রতি বরাদ্দ পাওয়া গেছে। সড়কের ভাঙা অংশ দুটি কালভার্ট নির্মাণসহ নকশা করে বিধ্বস্ত সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এলাকার লোকজন জানান, সড়কের এই বেহালে নাকুগাঁও স্থলবন্দর, বারোমারী মিশন, বারোমারী বাজার, নন্নী উচ্চবিদ্যালয়, নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ, নন্নী ইউনিয়ন পরিষদ, নন্নী উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়। এই সড়কে নাকুগাঁও স্থলবন্দরের পণ্যবাহী যানবাহন ছাড়াও ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। দুর্ভোগ পোহাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেই সঙ্গে গুনতে হচ্ছে বেশি ভাড়া।

নন্নী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল্লাহ বলেন, প্রতিদিন এই পথে চলাচলকারীরা দুর্ভোগে অতিষ্ঠ। দ্রুত সড়কটি সংস্কার করা হলে এলাকাবাসীর উপকার হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading