শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল
উত্তরদক্ষিণ। শনিবার (১৮ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:৪০
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ (গোপন ছাত্ররাজনীতি) নিষিদ্ধের দাবি তুলেছে ছাত্রদল। তারা বলছে, বাংলাদেশে আর আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই। তারপরও কোনো ছাত্রসংগঠন এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে মনে করা হবে, তারা একাত্তরের মতো আবারও বড় কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক কর্মসূচিতে মিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কথা বলেন নেতারা।
‘ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার, সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে’ এই কর্মসূচি করেছে ছাত্রদল।
মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, আজকের এই কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য বিনষ্টের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করে তিনি এর নিন্দা জানান। রাকিবুল বলেন, যে পর্যন্ত ছাত্রলীগের বিচার সম্পন্ন না হবে, যে পর্যন্ত সব ক্যাম্পাসে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার সুনিশ্চিত না হবে, তত দিন ছাত্রদল আজকের এই মার্চ ফর জাস্টিসের মতো রাজপথে অবস্থান নেবে।
ছাত্রলীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবি করে রাকিবুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে হামলায় জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি করা হয়েছে। কিন্তু এখনো কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। অবিলম্বে ছাত্রলীগের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং জড়িতদের ছাত্রত্ব বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং তা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। একই সঙ্গে প্রতিটি ক্যাম্পাসে ফ্যাসিবাদের সহযোগীদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
ইউডি/এবি

