আন্তর্জাতিক যোগ দিবস আজ
উত্তরদক্ষিণ। রবিবার, ২১ জুন, ২০২৬, আপডেট ১২:০৫
আজ আন্তর্জাতিক যোগ দিবস। সুস্বাস্থ্যের চাবিকাঠি হিসেবে ইয়োগা বা যোগের গুরুত্ব অনেক। তাই প্রতি বছর ২১ জুন বিশ্ব ইয়োগা বা যোগ দিবসটি উদ্যাপিত হয়।
ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকাল থেকেই ভারতের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যোগ। বিভিন্ন রোগ ঠেকাতে, শরীর ভালো রাখতে এবং নিয়মিত শরীরচর্চা করতে তারা ভরসা রাখতেন যোগব্যায়ামের ওপর। বর্তমান সময়ে এর উপকারিতা ও গুরুত্ব বেশি হওয়ায় ভারতের এই প্রাচীন জ্ঞান এখন বিশ্বের অন্য দেশগুলোতেও আপন করে নেয়া হচ্ছে।
‘যোগ’ শব্দটি দুটি সংস্কৃত শব্দ ‘য়ুজ’ এবং ‘য়ুজির’ সমন্বয়ে গঠিত। যার অর্থ ‘এক সঙ্গে’ বা ‘একত্র হওয়া’। তাই যোগের অর্থ বোঝায় আত্মা, মন এবং শরীরের সমন্বয়। চিন্তা ও কর্মের একতা প্রকাশ করে সৃষ্টিকর্তা বা আধ্যাত্মিক বিষয়ে চিন্তা করাও যোগের একটি প্রধান উদ্দেশ্য।
আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা কয়েক বছর আগে। ভারতে ২০১৪ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০১৫ সালে সালে প্রথম সারা বিশ্বে এই দিবসটি উদযাপন হয়েছিল। প্রাচীন ভারতীয় অনুশীলন যোগাসনের বহুবিধ উপকারকে স্বীকৃতি দিয়ে গোটা বিশ্বে ২১ জুন ‘যোগ দিবস’ উদ্যাপিত হয়।
চলতি বছরে ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য বা থিম হলো ‘Yoga for Healthy Ageing’। যার বাংলা অর্থ সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। বয়স্কদের সুস্থ ও সক্রিয় জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করতেই বিশ্বজুড়ে স্বাস্থ্য ও সুস্থতার প্রচারণার মাধ্যমে দিবসটি এবার উদ্যাপিত হচ্ছে।
ইউডি/কেএস

