জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন
উত্তরদক্ষিণ। রবিবার (১৯ জানুয়ারি), ২০২৪, আপডেট ২০:৩০
দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবুল কাজী মারা গেছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে তিনি মারা যান।
বাবুল কাজী (৫৯) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এই ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আজ বিকেল সাড়ে পাঁচটায় মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন বাবুল কাজীর মরদেহ মর্গে নেওয়া হয়েছে।
গত শনিবার ভোর পাঁচটার দিকে রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতরভাবে দগ্ধ হন কাজী বাবুল। সকাল পৌনে ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাবুল কাজীর চিকিৎসায় গতকাল শনিবার চিকিৎসক মারুফুল ইসলামকে প্রধান করে ১৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে বাবুল কাজীকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়।
ইউডি/এবি

