গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক

গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক

উত্তরদক্ষিণ। রবিবার (১৯ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:০০

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় প্রবেশ করতে শুরু করেছে বহুল কাঙ্ক্ষিত মানবিক ত্রাণবাহী ট্রাক। জাতিসংঘের বরাতে দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থার (ওসিএইচএ) অন্তর্বর্তীকালীন প্রধান জোনাথন হুইটল জানিয়েছেন, রবিবার (১৯ জানুয়ারি) সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ত্রাণবাহী ট্রাকের প্রথম বহর গাজায় প্রবেশ শুরু করে।

এই কর্মকর্তা আরও বলেন, গত কয়েকদিন ধরে মানবিক সহায়তা প্রদানকারী অংশীদারদের পক্ষ থেকে সমগ্র গাজাজুড়ে ত্রাণ সরবরাহ এবং বিতরণের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কোথা এলাকা দিয়ে এসব ত্রাণ প্রবেশ করেছে সে সম্পর্কে জাতিসংঘ বিস্তারিত কিছু জানায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে মিশরের একটি সূত্র জানিয়েছে যে, ১৯৭টি ট্রাক ত্রাণ এবং পাঁচটি জ্বালানি বহনকারী ট্যাঙ্কার ইসরাইল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম এবং মিশর ও ইসরাইলের মধ্যবর্তী আল-ওগা ও নিতজানা ক্রসিং দিয়ে প্রবেশ করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, গাজার যুদ্ধবিরতি চুক্তি অনুয়ায়ী প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের ব্যবস্থা করা হবে, যার মধ্যে ৫০টি ট্রাকে থাকবে জ্বালানি।

গাজায় প্রায় ১৫ মাস ধরে সামরিক আগ্রাসনকালে ঠিকমতো ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরাইল। ফলে ভয়াবহ খাদ্য সংকট এমনকি কোথাও কোথাও দুর্ভিক্ষের কবলে পড়ে অধিবাসীরা।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে উপত্যকার সীমান্তে হাজার হাজার ট্রাক ত্রাণবাহী ট্রাক ভেতরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় বিতরণের জন্য তাদের ১ হাজার ৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading