বাগেরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ

বাগেরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৯:১৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে থাকা ‘মজুমদার ভাণ্ডার’ নামের একটি গোডাউন থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ফকিরহাট থানা ও খাদ্য গুদাম কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে।

এ সময় সরকারি চাল সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে গুদামের অন্যতম মালিক আশাতীত মজুমদার (২১) ও কর্মচারী আব্দুর রসূলকে (৪৫) আটক করেছে পুলিশ। জব্দ প্রতি বস্তায় ৩০ কেজি চাল ছিল যা ৯ লাখ ৩৪ হাজার টাকায় কিনেছিলেন গুদাম মালিক। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বগুড়ার করতোয়া চাউল কলের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্টারপ্রাইজ থেকে তারা (গুদামের মালিক) ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা ওমমএসের চাল ৯ লাখ ৩৪ হাজার টাকায় কেনেন। বুধবার সকালে সেই চাল গোডাউনে পৌঁছালে বিভিন্ন দোকানে পাইকারি ও খুচরা বিক্রির জন্য নুরজাহান রাইস নামে একটি ব্রান্ডের বস্তায় পরিবর্তনের কাজ শুরু করা হয়। রাত সাড়ে আটটার দিকে পুলিশ গিয়ে আশাতীত মজুমদার ও একজন কর্মচারীকে আটক করে। পরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত সব চাল জব্দ করা হয়।

ফকিরহাট উপজেলার উপ-খাদ্য পরিদর্শক ইকবাল হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই এলাকায় যত গুদাম রয়েছে, প্রত্যেকটি তল্লাশি করা হবে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাতে অভিযান চালানোর পর তাৎক্ষণিকভাবে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। এই ব্যবসায়ী দুই ধরনের অপরাধ করেছেন। সরকারি চাল আত্মসাৎ ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্য ছিল তাদের। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading