৮০ কেন্দ্রে মিলবে মেনিনজাইটিস টিকা

৮০ কেন্দ্রে মিলবে মেনিনজাইটিস টিকা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৬:৫০

বিভিন্ন হাসপাতালসহ দেশের ৮০ কেন্দ্রে মেনিনজাইটিস টিকা পাওয়া যাবে, যেখানে প্রতিষেধ নেওয়ার পর মিলবে টিকা সনদ।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশিদ বলেন, “মেনিনজাইটিস টিকা দেওয়া এবং পরবর্তীতে সেটার জন্য সনদ দিতে আমরা দেশের সবগুলো সিভিল সার্জন কার্যালয়সহ ৮০টি কেন্দ্র ঠিক করেছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে ওমরাহ করতে যাওয়া যাত্রীরা তাদের কাছাকাছি কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।”

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারী কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, সচিবালয় ক্লিনিক এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেনিনজাইটিসের টিকা পাওয়া যাবে।

ঢাকার বাইরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, বগুড়ায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এই টিকা পাওয়া যাবে।

এছাড়া দেশের সব সিভিল সার্জন কার্যালয় এবং জেলা হাসপাতালে মেনিনজাইটিস টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার রবিবারের অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি সেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ অথবা যিয়ারাহ করবেন; তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে। যাত্রার তারিখ থেকে কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা নিতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ওই টিকা নেওয়ার প্রয়োজন নেই।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে, ওমরাহ ও ভিজিট ভিসায় গমনকারী যাত্রীরা নিজের টাকায় টিকা সংগ্রহ করবেন। এরপর নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান থেকে টিকা নেবেন। প্রতিষ্ঠানগুলো যাত্রীদের টিকা সনদ দেবেন। এছাড়া সনদগুলো ডিজিটাল পদ্ধতিতে এমআইএসএর ভ্যাক্স ইপিআই সিস্টেমে আপলোড করবেন।

ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

ওমরাহ পালন ও ভ্রমণ ভিসায় সৌদি যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিস টিকা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে ২২ জানুয়ারি একটি চিঠি পাঠায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মেনিনজাইটিস মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের টিস্যুর প্রদাহজনিত সমস্যা। মেনিনজাইটিস যেকোনো বয়সী মানুষেরই হতে পারে। সাধারণত সংক্রমণের কারণে মেনিনজাইটিস হয়ে থাকে। রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন ওতে পারে।

এই রোগের লক্ষণ জ্বর, মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো ও শব্দ অসহনশীলতা, খিঁচুনি ও মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া, অসংলগ্নতা, বমি বা বমিভাব। শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো হলো, জ্বর, খিটখিটে মেজাজ, খেতে অনীহা, অতিরিক্ত ক্লান্তি এবং ত্বকে লাল দানা।

মেনিনজাইটিস বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবীর কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ থেকে মানুষে এই সংক্রমণ ছড়ায়। এছড়া আঘাত, ক্যান্সার এবং ওষুধের কারণেও এ রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।

ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হল সবচেয়ে বিপজ্জনক, সংক্রমণের ২৪ ঘণ্টার মধ্যেই মারাত্মক হয়ে উঠতে পারে। ব্যাকটেরিয়া মেনিনজাইটিসের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা ব্যবস্থা হলো এর টিকা নেওয়া।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading