১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:২২

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। একই দিন সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায়ও অংশ নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

সভায় জানানো হয়, রাষ্ট্রপতি বিমানযোগে সিলেটে পৌঁছাবেন এবং সফর শেষে একই দিনে বিমানে ঢাকায় ফিরে যাবেন। তার সফরের কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রস্তুতিমূলক সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরীর সার্বিক পরিবেশ ও যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা এবং অফিসের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া নগরীর সড়কগুলো চলাচলের উপযোগী রাখা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার, জরুরি চিকিৎসা ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে এরই মধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি নির্ধারিত সময়ে ও নিরাপদে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে।

আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading