প্রিপেইড মিটারে আমি নিজেই ভুক্তভোগী: দুদক কমিশনার

প্রিপেইড মিটারে আমি নিজেই ভুক্তভোগী: দুদক কমিশনার

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:১০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মো. আলী আকবর আজিজি বলেন, প্রিপেইড মিটার একটা শুভঙ্করের ফাঁকি, এই মিটারে আমি নিজেই ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে মইনুল হাসান নামের এক ব্যক্তির প্রশ্নের জবাবে বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেন তিনি।

দুদকের কমিশনার বলেন, একবার আমি দুই মাস পরে রিচার্জ করেছি। দুই মাসের এক সঙ্গে কেটে নিয়ে, ১০০০ টাকা রিচার্জ করলাম। ব্যালেন্স দেখাল মাত্র ২৪০ টাকা। এটা তো হতে পারে না। এটার শুরুতেই গলদ আছে। আজকের এখানে এর সমাধান হবে না আমি জানি। আপনারা (বিদ্যুৎ কর্মকর্তারা) এটা জনগণের আওয়াজ বলে লিখবেন। এইভাবে চলতে পারে না।

বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, একটা মুরগি জবাই করবেন একবার সামনের দিক থেকে, আবার পেছনের দিক থেকে এটা তো হতে পারে না। একটা মুরগির তো দুইবার জবাই হয় না। পলিসি চেঞ্জ করার জন্য জনগণের কথাটা ভেবে অনুগ্রহ করে বিলটা করবেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়। কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে গণ শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ আহসান ফরিদ এবং দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. আক্তার হোসেন। এছাড়াও কুমিল্লার জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং সব সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading