বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
আবহাওয়া

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১২:০০

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা। এক বিভাগে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্ক থাকতে পারে। এর মধ্যে আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এদিকে পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরের ২৪ ঘণ্টাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। তবে এ কদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ইউদি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading