চট্টগ্রামে বসতঘরে আগুন, নিহত ২
উত্তরদক্ষিণ। সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৩:৩০
চট্টগ্রাম নগরীতে টিনশেড একটি বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর পশ্চিমপাড়ে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে এই আগুন লাগে।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আহতরা হলেন-ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীন (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুরো এবং চারটি ঘরের আংশিক পুড়েছে। তাতে ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকার মতো। শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, দগ্ধ হয়ে দুইজন মারা গেছেন। আহতরা দগ্ধ না হলেও তাদের শ্বাসতন্ত্রের ক্ষতি হয়েছে।
ইউডি/এআর

