আফগানিস্তানে পাকিস্তানের চিনি রপ্তানি বেড়েছে ৪৩৩২ শতাংশ

আফগানিস্তানে পাকিস্তানের চিনি রপ্তানি বেড়েছে ৪৩৩২ শতাংশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৩:১০

আফগানিস্তানে পাকিস্তানের চিনি রপ্তানি ৪ হাজার ৩৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রতিবেশী দেশটিতে এই পণ্য রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে।

এই সময়ে দেশটিতে চিনির রপ্তানি মূল্য ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানে পাকিস্তানের চিনি রপ্তানি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে ৪ হাজার ৩৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত, আফগানিস্তানে পাকিস্তানের চিনি রপ্তানি ২৬২.৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫.৯৩ মিলিয়ন ডলার।

সেই হিসাবে আগের বছরের তুলনায় চলতি অর্থবছর এখন পর্যন্ত আফগানিস্তানে পাকিস্তানি চিনি রপ্তানি বেড়েছে ২৫৬.৭৬ মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানিতে এই ব্যাপক বৃদ্ধির ফলে আফগানিস্তানে পাকিস্তানের পণ্য রপ্তানিতে সবচেয়ে বড় অবদান রেখেছে চিনি।

এআরওয়াই নিউজ বলছে, গত বছরের ডিসেম্বর থেকে পাকিস্তানের বাজারে চিনির দাম কেজি প্রতি ২৬ রুপি বেড়েছে এবং গত বছর মুনাফাখোররা কেজি প্রতি ১৮০ রুপি পর্যন্ত দাম বাড়িয়েছিল।

দেশটির পাইকারি মুদি সমিতির চেয়ারম্যান রউফ ইব্রাহিমের মতে, পাইকারি বাজারে চিনির দাম কেজি প্রতি ১৫০ রুপিতে উঠেছে, যেখানে মার্চের অগ্রিম লেনদেন হয়েছে কেজি প্রতি ১৫২ রুপিতে।

ব্যবসায়ীদের দাবি, মজুদদার মাফিয়া সক্রিয় রয়েছে এবং রমজান ঘনিয়ে আসার সাথে সাথে আরও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পাকিস্তানে প্রতি মাসে গড়ে চিনির চাহিদা থাকে ৫ লাখ ৫০ হাজার টন, কিন্তু রমজানের সময় তা লাফিয়ে ১০ লাখ টনে পৌঁছে যায়। আর তাই সরকার দ্রুত ব্যবস্থা না নিলে রমজানে চিনির দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা।

এদিকে ক্ষমতাসীন শেহবাজ সরকারের মন্ত্রিসভা চিনির দামের স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে শর্ত আরোপ করেছে, যার মধ্যে চিনির খুচরা মূল্য প্রতি কেজি ১৪৫.১৫ রুপি নির্ধারণ করা এবং দাম বৃদ্ধি রোধে চিনির দাম পর্যবেক্ষণের বিষয়টিও রয়েছে।

দেশটির ফেডারেল মন্ত্রিসভা বলেছে, চিনির দাম এই বেঞ্চমার্ক অতিক্রম করলে তাদের রপ্তানি অবিলম্বে বাতিল করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading