অমীমাংসিত আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

অমীমাংসিত আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৯:২০

জিতলেই শিরোপা—এমন সমীকরণ নিয়ে আজ সকালে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারানোয় এই ম্যাচে ফেবারিট ভাবা হচ্ছিল আর্জেন্টিনাকেই।

তবে ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের। যদিও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বিপক্ষে চেষ্টা করেও জিততে পারেনি তারা।

তবে গ্রুপ পর্বের মতো হারের তিক্ততা নিয়েও মাঠ ছাড়তে হয়নি ব্রাজিলকে। ম্যাচটা ড্র হয়েছে ১–১ গোলে। আর ড্র হওয়ার কারণে শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে শিরোপা। প্রতিযোগিতার শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আজকের ড্রয়ের পর ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। এ পরিস্থিতিতে শেষ ম্যাচের পরও যদি দুই দলের পয়েন্ট সমান থাকে তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা।

কারাকাসে আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। আক্রমণ, বল দখল এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। পাশাপাশি ব্রাজিলের অগোছালো ফুটবলের কারণে বাড়তি সুবিধাও পেয়েছে আর্জেন্টিনা। সংগ্রাম করতে থাকা ব্রাজিল প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ব্রাজিল না পারলেও আর্জেন্টিনা ভুল করেনি। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া পেনাল্টিকে ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা।

ম্যাচের ৩৮ মিনিটের মাথায় হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রেনো বাইদন ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে কোনো ভুল করেননি আর্জেন্টাইন তরুণ ক্লদিও এচেভেরি। দলকে এগিয়ে দেন ১–০ গোলে। পিছিয়ে থেকেই শেষ পর্যন্ত বিরতিতে যেতে হয় ব্রাজিলকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশ সংগ্রাম করতে দেখা হচ্ছিল ব্রাজিলকে। অন্য দিকে আর্জেন্টিনা চেষ্টা করছিল ব্যবধান বাড়িয়ে ম্যাচের ইতি টেনে দিতে। যদিও এ লক্ষ্যে সফল হয়নি তারা। উল্টো ৭৮ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে সমতা এনে দেন রায়ান।

এই গোলের পর আরও আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিল। এ সময় আর্জেন্টিনার ওপর আধিপত্য বিস্তার করেও খেলেছে তারা। তবে একাধিকবার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোলটি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

শেষ দিকে গোল না হলেও উত্তাপ ছড়িয়েছে বেশ। মাঠে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা, যার ফলস্বরূপ রেফারিকে বারবার কার্ড দেখাতে হয়েছে। এদিন সব মিলিয়ে ৮ বার হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading