জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০৯:০০

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনটি প্রথম বৈঠকে বিএনপির সঙ্গে আলোচনায় বসবে।

জানা গেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকে নেতৃত্ব দেবেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।

ছয় মাস মেয়াদি এই কমিশন পর্যায়ক্রমে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমনসহ বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ ও সুপারিশ প্রণয়ন করবে কমিশনটি।

এদিকে, অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে শনিবার বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

ইতোমধ্যে সংস্কার কমিশনের দেওয়া রিপোর্টগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যরা হলেন-সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

কমিশনটি রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সংস্কারগুলোর সুপারিশ প্রণয়ন করবে। কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading