সেনাবাহিনীর অভিযানে জব্দ হাজারেরও বেশি ক্রস ফিলিং সিলিন্ডার

সেনাবাহিনীর অভিযানে জব্দ হাজারেরও বেশি ক্রস ফিলিং সিলিন্ডার

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৩:৩০

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ (এক সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস ভরা) এর গুদামে অভিযান চালিয়ে এক হাজার ৬৭২টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার পাশে সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি।

পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে গ্যাস আনা-নেয়ার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করেন।

অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছেন মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের মালিক। আগেও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার কারণে একই প্রতিষ্ঠানের মালিককে ২০২২ সালে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এক হাজার ৬৭২টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ উপজেলা প্রতিনিধির জিম্মায় রাখা হয়। আনা-নেয়ার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের হেফাজতে নেয়া হয়েছে।

পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading