সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

উত্তরদক্ষিণ। শনিবার (১৫ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৫০

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘমেয়াদে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আইনী কাঠামো তৈরির জন্য রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন,সংস্কার যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে বাঙালি জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিন আপনাদের অবদান থেকে যাবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজ প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আজকের সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হলো উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আজ আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আপনারা দ্বিতীয় পর্বের স্রষ্টা। আপনারা সংস্কার সুপারিশগুলো জাতির সামনে নিয়ে আসবেন। আপনাদের সহযোগিতা করার জন্য কমিশনের সদস্যরা নিয়োজিত থাকবেন। আলাপ-আলোচনা করে ঠিক করুন, যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে কাজে নেমে পড়তে পারি। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে কেউ যেন তা নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

ঐকমত্য কমিশনের সুপারিশগুলো সুবিবেচনা প্রসূত ইঙ্গিত করে ড. ইউনূস আরও বলেন, দেশের ঐক্য ও বিদেশের সমর্থন বিবেচনা করে সংস্কার কমিশন সুপারিশ নিয়ে এসেছে। এটি মূল্যবান সম্পদ। এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে। সবাই মিলে পরামর্শ দেন কোনগুলো বাস্তবায়ন করবো। নীতিমালা বানিয়ে দিলে স্বচ্ছভাবে দেশ চলতে থাকবে। কলকাঠি নাড়ানো ছাড়া যে একটা দেশ নিয়মের মধ্যে চলতে পারে, সেটাই আমাদের করতে হবে।

সরকার সংস্কার প্রস্তাব চাপিয়ে দেবে না উল্লেখ করে ড. ইউনূস বলেন, সংস্কারটা যেন এমনভাবে হয় যাতে ভবিষ্যত প্রজন্ম আমাদের প্রতি কৃতজ্ঞ থাকে। ঐকমত্য কমিশনের সদস্যরা তাদের জায়গা থেকে ভাল কিছু দেয়ার চেষ্টা করেছেন। এখান থেকে কতটুকু গ্রহণ করবো, কীভাবে অগ্রসর হবো এর জন্য আপনাদের সঙ্গে আলোচনা করা। কোনটা কাজে লাগাতে পারব, কোনটা গ্রহণ করব। আপনারা জনগণের প্রতিনিধি, তাই আপনাদের সঙ্গে এ নিয়ে একটা বাস্তবভিত্তিক আলোচনা হতে হবে। এমন মজবুতভাবে আইনকানুন করব, যাতে সবাই মেনে চলে এবং মেনে চলার মাধ্যমে একটা সুন্দর সমাজ তৈরি করা যায়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading