নিবন্ধন বাতিলের মধ্যদিয়ে আওয়ামী লীগকে ডিসফাংশনাল করার দাবি হাসনাতের
উত্তরদক্ষিণ। শনিবার (১৫ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:১৫
দল হিসেবে নিবন্ধন বাতিলের মধ্যদিয়ে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
হাসনাত বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিষয় ক্লিয়ার করেছি, যে নৌকা ডুবে গিয়েছে তা আর কখনো ভাসবে না। পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। সরকারকে উদ্যোগ নিয়ে আইনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে দলটির নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি। এতে করে তাদের পলিটিক্যালি ডিসফাংশনাল করা হবে। আমরা এতে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে অপশাসনের ধারা বজায় রেখেছিল, তা আমরা আর চাই না। আর অপশাসন দূরীকরণের যে সংস্কার, তা সব রাজনৈতিক দলকে বজায় রাখতে হবে। কারণ, বর্তমান প্রজন্মের কাছে এটা তাদের দায়ভার।
ইউডি/এবি

