প্রাথমিকে নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চেম্বারে
উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:৩০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ৬ হাজার ৫৩১ জনের আপিল আবেদনের শুনানি চেম্বার জজ আদালতে অনুষ্ঠিত হবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ শুনানি হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন।
এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা কয়েক দিন ধরে রাজধানীর শাহবাগে আন্দোলন করছেন।
ইউডি/এআর

