ছাত্রদলকে গঠনমূলক ছাত্ররাজনীতি করার আহ্বান শিবির সভাপতির

ছাত্রদলকে গঠনমূলক ছাত্ররাজনীতি করার আহ্বান শিবির সভাপতির

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:০০

ছাত্রদলকে অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

‘ছাত্রদলের প্রতি আহ্বান’ শিরোনামে ওই স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি- ‘অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন’।

তিনি বলেন, বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন। যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়?

তিনি আরও বলেন, ‘আবারও বলছি, আমরা আপনাদের শত্রু নই। বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ (কম হোক বা বেশি হোক), তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। কিন্তু আপনারা হাঁটছেন ঠিক আগের মতো উল্টোপথে।’

ছাত্রদলকে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading