ডিবির হারুনের ঢাকায় ৫ ভবন ও ১৩০ বিঘা জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
উত্তরদক্ষিণ। বুধবার (১৯ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:০০
আলোচিত সাবেক গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশিদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত।
একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের ডিবির সাবেক এই প্রধানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১০টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে তার জমা রয়েছে ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা।
পাশাপাশি তার ভাই এবিএম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ, ১১টি ব্যাংক হিসাব এবং তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন পৃথক দুটি আবেদনে হারুন ও তার ভাইয়ের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। পরে আদালত শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতের আদেশে জব্দ ও অবরুদ্ধ হওয়া সম্পদের মধ্যে রয়েছে- হারুনের নামে ঢাকার উত্তরায় ৭ দশমিক ৪৫ কাঠা জমিতে ৩ কোটি টাকার মূল্যের একটি ভবন; গুলশানে ১০ দশমকি ৩৬ শতক জমিতে ৩ কোটি ৯৭ লাখ টাকার ভবন এবং ঢাকার কুড়িলে সেমিপাকা একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে একটি একতলা বাড়ি এবং সেমিপাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে।
এছাড়া তার নামে উত্তরায় ১০ নম্বর সেক্টরে সাততলা ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট ও জোয়ার সাহারায় ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আরেকটি ফ্ল্যাট রয়েছে।
ইউডি/এবি

