জেলেনস্কিকে ‘একনায়ক’ বললেন ট্রাম্প
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১১:২০
ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে আরও কঠোর সমালোচনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইউক্রেনীয় নেতাকে সরাসরি একনায়ক বলে অভিহিত করেছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, নির্বাচন ছাড়া একনায়ক হিসেবে দেশ চালাচ্ছেন তিনি।
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গত কয়েকদিন ধরে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে রীতিমতো বাগযুদ্ধ চলছে। গত বুধবার ট্রাম্পের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে’ আটকা পড়েছেন।
জেলেনস্কির এই মন্তব্যের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় রয়েছেন জেলেনস্কি। তার উচিৎ দ্রুত পদক্ষেপ নেয়া। তা না হলে দেশ তার হাতে থাকবে না।’
তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা চাইছেন ট্রাম্প। সেই লক্ষ্যে এরই মধ্যে সৌদি আরবে বৈঠক করেছে আমেরিকার ও রুশ কর্মকর্তারা। কিন্তু ইউক্রেন ও ইউরোপীয় নেতারা এর বিরোধিতা করছেন। এ কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে আমেরিকার ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জেলেনস্কিই রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছেন। তার এটা করা উচিৎ হয়নি। তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় রয়েছেন। তিনি ইউক্রেনীয় জনগণের কাছে খুবই অজনপ্রিয়। তার জনপ্রিয়তার হার মাত্র ৪ শতাংশ।
পরদিন বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্পের এসব বক্তব্যের পাল্টা জবাব দেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে বারবার ভুল তথ্য দিচ্ছেন। যা তিনি বলছেন তা মস্কো থেকে আসছে।
জেলেনস্কি ইউক্রেনীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ৪ শতাংশ জনপ্রিয়তার কথা বলছি। আমরা এই ভুল তথ্য দেখেছি, আমরা বুঝতে পারছি এটি রাশিয়া থেকে আসছে। দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট ট্রাম্প এই ভুল তথ্যের মধ্যে বাস করছেন। তার চারপাশে একটি ভুল তথ্যের বুদবুদ উঠছে।’
জেলেনস্কির এমন মন্তব্যের পর কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে সাড়ে তিনশ বিলিয়ন ডলার খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়।
জেলেনস্কিকে ‘সফল কৌতুক অভিনেতা’ উল্লেখ করে ট্রাম্প বলেন, এই যুদ্ধে আমেরিকার প্রশাসন ইউরোপের চেয়ে ২০০ বিলিয়ন ডলার বেশি ব্যয় করেছে দাবি করে ট্রাম্প বলেন, পশ্চিমারা তাদের খরচ করা অর্থ ফেরত পেলেও আমেরিকার তা পাবে না। এরপর তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত, দেশ তার আর তার হাতে থাকবে না।
ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা নেতারা। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।
এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। সুইডেনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাকে নির্বাচিত।
এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব এখন দুটো পছন্দের একটি বেছে নেয়ার অবস্থায় আছে। হয় সবাই পুতিনের পাশে দাঁড়াবে আর নয়তো শান্তি বেছে নিতে হবে।
ইউডি/কেএস

