চাঁদাবাজি না করে ভিক্ষা করার পরামর্শ দিলেন জামায়াত আমির
উত্তরদক্ষিণ। শনিবার (২২ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:২০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। যাতে জনগণ তাদের সেবা পেতে পারে। উপযুক্ত সংস্কার নিশ্চিত করার পরই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
নির্বাচনকে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ শহরের পশ্চিম বাজারে চাঁদপুর জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা চাঁদাবাজি করেন, তাদের বলছি, আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন। কিন্তু চাঁদাবাজিকে হারাম করেছেন। তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করাটাই উত্তম। অথবা আপনারা যদি আমাদের কাছে সহযোগিতা চান। আমরা আপনাদের সহায়তা করতে প্রস্তুত। কিন্তু আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি করবেন না। হাজীগঞ্জেও এখন চাঁদাবাজি হচ্ছে। তার কাছে এমন তথ্য আছে বলেও ক্ষোভ প্রকাশ জামায়াতে ইসলামীর আমির।
এসময় তিনি বলেন, আপনারা যারা বিভিন্ন গাড়িতে চাঁদাবাজি করেন, এ চাঁদাবাজির টাকা ১৮ কোটি মানুষের পকেট থেকে যায়। ভিক্ষুকের পকেট থেকেও যায়। সুতরাং চাঁদাবাজি বন্ধ করতে হবে। আর নহে আবারো ৫ আগস্ট আসবে। আপনাদের দশা তাদের মতোই হবে।’
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করার পরই আমরা জাতীয় নির্বাচন চাই। পিআরআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, যাতে কারও ভোট নষ্ট না হয় এবং প্রতিটি ভোটের মূল্য থাকে।
চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত এই বিশাল পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি, অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
ইউডি/এবি

